হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও একটি বড় সুবিধা আসছে। কিছু দিন আগেই হোয়াট্সঅ্যাপে তথ্য চুরি ঠেকাতে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসেছে মেটা। এ বার গ্রুপ চ্যাটেও বদল আসতে চলেছে। জানা গিয়েছে, গ্রুপে যোগ দেওয়া নতুন সদস্যেরা চাইলে পুরনো চ্যাটও পড়তে পারবেন। বর্তমানে হোয়াট্সঅ্যাপে কেউ গ্রুপে ঢুকলে শুধুমাত্র যোগ দেওয়ার পরের মেসেজগুলিই পড়তে পারেন। কিন্তু নতুন ফিচারে সেই সীমাবদ্ধতা অনেকটাই সরিয়ে নেওয়া হচ্ছে।
কী বদল আসছে?
হোয়াট্সঅ্যাপ ‘রিসেন্ট হিস্ট্রি শেয়ারিং’ নামে নতুন একটি ফিচার নিয়ে আসছে। এর মাধ্যমে কোনও গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে, তিনি আগের মেসেজগুলিও পড়ে ফেলতে পারবেন। তবে এ ক্ষেত্রেও কিছুটা সীমাবদ্ধতা থাকছে। নতুন সদস্যেরা গ্রুপে যোগ দেওয়ার ঠিক ১৪ দিন আগের চ্যাটগুলিই পড়তে পারবেন। সর্বাধিক ১০০টি মেসেজ পড়া যাবে। নতুন সদস্য কী কী চ্যাট পড়তে পারবেন তা ঠিক করবেন গ্রুপের অ্যাডমিন।

Leave a Reply